বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ, সংসদ হবে সকল সমাধানের প্রদর্শক

‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’, জবিতে ছাত্রদলের প্রচার

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’—এই বার্তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দেশবিরোধী গোষ্ঠীর অপপ্রচার রোধে তারা এ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিতরণ করা লিফলেটে গণভোটের চারটি প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরে বিএনপির অবস্থান উল্লেখ করা হয়। তাতে বলা হয়, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নের কিছু অংশ জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল তাতে আপত্তি জানিয়েছিল। লিফলেটে বলা হয়, বিএনপি ১০০ সদস্যের উচ্চকক্ষ প্রতিষ্ঠায় সংসদের আসনসংখ্যার আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে। দলটি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়, এমন উচ্চকক্ষের কাছে সংবিধান সংশোধনের মতো বিষয় পাঠানোর বিরোধিতা করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রচারপত্র বিলি করছে ছাত্রদল। ঢাকা, ১৯ মে ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রচারপত্র বিলি করছে ছাত্রদল। ঢাকা, ১৯ মে ২০২৬

এতে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের নোট অংশ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের রায় পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

লিফলেটে গণভোটের ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নের বিষয়ে বিএনপির পূর্ণ সমর্থনের কথা তুলে ধরা হয়েছে। সেখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধিসহ অন্যান্য সংস্কার বাস্তবায়নে বিএনপির অঙ্গীকারের কথা বলা হয়।

ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধেই শিক্ষার্থীদের সচেতন করতে এ প্রচার চালানো হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই জাতীয় সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়; এটি গণতন্ত্র পুনর্গঠন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটি অঙ্গীকার। বিএনপি সব সময় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেয় এবং জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের মতামত, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনার নতুন ধারা গড়ে তুলতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছে জুলাই জাতীয় সনদের বার্তা পৌঁছে দিতে কাজ করছে। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষাবান্ধব রাষ্ট্র বিনির্মাণে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিনিয়র স্টাফ নার্সের ৮২৮ পদের নিয়োগ পরীক্ষা কবে, জানাল পিএসসি

৮২৮টি স্থায়ী পদের জন্য ২০২৫ সালের ৩১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি

সারা দেশের সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণে বিজ্ঞাপিত ৮২৮টি পদের নিয়োগ পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে গত মার্চে পিএসসি জানিয়েছিল, মে মাসের মধ্যে এই পরীক্ষা হতে পারে।

সারা দেশে জনবলসংকট প্রকট

দেশের সরকারি স্বাস্থ্যসেবায় জ্যেষ্ঠ নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা ও হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সিনিয়র স্টাফ নার্সরাই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তবে বর্তমানে সারা দেশে এই পদের জনবলসংকট বেশ প্রকট। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে সিনিয়র স্টাফ নার্সের প্রায় দুই হাজার পদ শূন্য রয়েছে। এই বিপুল শূন্য পদের কারণে বিদ্যমান নার্সদের ওপর কাজের চাপ বাড়ছে এবং ব্যাহত হচ্ছে রোগীদের নিয়মিত সেবা। প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষা

এই সংকট কাটাতে ৮২৮টি স্থায়ী পদের জন্য ২০২৫ সালের ৩১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ২০ অক্টোবর আবেদন প্রক্রিয়া শেষ হয়। ১০ম গ্রেডের এই পদের জন্য কয়েক হাজার নার্সিং স্নাতক ও ডিপ্লোমাধারী আবেদন করেছেন। তবে আবেদনের পর প্রায় সাত মাস পার হয়ে গেলেও পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় চাকরিপ্রার্থীরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

পরীক্ষার বর্তমান অগ্রগতি নিয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে বিসিএস ও একাধিক নন-ক্যাডার পরীক্ষার কর্মযজ্ঞ চলছে। জুনের শেষ সপ্তাহে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। যোগ্যতা ও বেতন

১০ম গ্রেডের (১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতন স্কেল) এই স্থায়ী পদের জন্য নার্সিংয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই ৮২৮ পদের নিয়োগ দ্রুত সম্পন্ন হলে সরকারি হাসপাতালগুলোর জনবলসংকট কিছুটা লাঘব হবে।

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ করা হয়েছে।